
হুমায়ুন কবির সুমন .সিরাজগঞ্জ প্রতিনিধি: নিখোঁজের সাত দিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে ফকির চাঁন (৩২) নামে এক অটো ভ্যানের চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফকির চাঁন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামানিকের ছেলে। তিনি অটো ভ্যানের চালক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৩টার দিকে ভাড়ার উদ্দেশ্যে উল্লাপাড়া মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ফকির চাঁন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু না পেয়ে দুই দিন পর পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বেলকুচি থানার গরুর হাট নাম স্থান থেকে একজনকে আটক করা হয়। আটকের পর তাঁর দেওয়া বর্ণনা অনুযায়ী আজ রবিবার সকালে পৌর শহরের শিবপুর গ্রামের রেললাইনের পাশ থেকে ফকির চাঁনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মডেল থানার পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না। আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানাবো। উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) মাহফুজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির দেওয়া বর্ণনা অনুযায়ী উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে ফকির চাঁনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সিরাজগঞ্জে মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত