
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে গত মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রতীক বরাদ্দের পরপরই ভোট চেয়ে প্রার্থীদের পক্ষে মাইকিং,মোটরসাইকেল শোডাউন,পথসভা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা শুরু হয়েছে। কখনো স্লোগানে,কখনো সুরে সুরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলে। ব্যস্ততা বেড়েছে ছাপাখানা ও কম্পিউটারের দোকানেও। পাড়া-মহল্লায় ও চায়ের দোকানগুলোতে এখন একটাই আলোচনা কে হচ্ছেন আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভোটাররা প্রার্থীদের নিয়ে করছেন চুলছেড়া বিশ্লেষণ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী মো.শাহেদুল ইসলাম সোহেল (নৌকা),ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মিজানুর রহমান (হাতপাখা),এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল প্রতীক),প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ (আনারস),ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মিজানুর রহমান মিন্টু (ঘোড়া)। এছাড়াও একমাত্র নারী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আনোয়ার হোসেন বাবুল মল্লিকের সহধর্মিনী সেলিনা রশীদ শিরিন (চশমা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৯৭৩ জন।
এসব ভোটারদের ১১টি ভোটকেন্দ্রে আগামী ২রা নভেম্বর ভোট গ্রহণ করা হবে। নির্বাচনি তফসিল অনুযায়ী এখানে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তাই ইভিএম নিয়েও ভোটারদের মধ্যে যেমন আগ্রহের সৃষ্টি হয়েছে তেমনি আবার নানা জল্পনা-কল্পনারও দেখা দিয়েছে। কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানান, জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিব,তাই অনেক আনন্দ লাগছে। শুনেছি ইভিএমে নাকি খুব তাড়াতাড়ি ভোট দেয়া যায়। এতে আমাদের সময়ও বাঁচবে আর কষ্টও কম হবে। তবে ভোটটি যেখানে দিবে সেখানে পড়বে কিনা! এরকম সন্দেহ পোষণ করেছেন অনেক ভোটার।
প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়,তারা কেউ কেউ প্রতীক বরাদ্দের পরই তাৎক্ষণিকভাবে কিছু পোস্টার ছাপিয়ে প্রচারণা শুরু করেছেন। কেউ আবার অটোরিকশায় মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন। তারা বিভিন্ন বাজার,পাড়া-মহল্লায় ও বাড়ির উঠানে পথসভা করে ভোটারদের কাছে ভোট দাবি করছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান প্রার্থীরা। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রার্থীরা দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২