
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ঢাকা থেকে ছেড়ে আসা নিউ জলপাইগুড়িগামী আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নবী বক্স (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১অক্টোবর) ভোর ৬টার দিকে ডোমার রেলস্টেশন থেকে প্রায় দুইশত গজ দূরে আউট সিগন্যালের মধ্যে এ ঘটনা ঘটে। নবী বক্স নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর পাশারীপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তার ঘরে তিন মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দিনে নবী বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং রাতে ডোমার রেলস্টেশনে ঘুমাতেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন। এ সময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা নিউ জলপাইগুড়িগামী মিতালী এক্সপ্রেস চলে আসলে কোন লাইন দিয়ে ট্রেনটি যাবে নবী বক্স বুঝতে পারেননি। না বুঝে ২ নং লাইনে দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই শ্রমিক।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ