হোম » সারাদেশ » মাদ্রাসা সুপারের এ কেমন অমানবিকতা!

মাদ্রাসা সুপারের এ কেমন অমানবিকতা!

মোঃ সবুজ ইসলাম, রাণীশংকৈল: প্রায় ২০ বছর ধরে বিনা বেতনে নামমাত্র সম্মানীতে চাকুরী করছেন আল আমিন নামের এক যুবক স্থানীয় দাখিল মাদ্রাসায়। চলতি বছরে সেই মাদ্রাসা এমপিওভুক্ত হয়। এমপিওভুক্ত হওয়ায় ভূক্তভোগী যুবকের পদে অন্য এক যুবককে নিয়োগ দেওয়ার পায়তারা শুরু করে সেই মাদ্রাসার সুপার। যে যুবক প্রায় ২ যুগ যে প্রতিষ্ঠানে কাজ করলেন অথচ সু-সময়ে সে যুবককে সে পদ থেকে সরিয়ে দেওয়ার অমানবিক ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের লক্ষ্মীরহাট নুর আলা দাখিল মাদ্রাসায়।

রাণীশংকৈল উপজেলার ধর্মগড় লক্ষ্মীরহাটের সেই মাদ্রাসার সুপার আবু তালেবের স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের বিরুদ্ধে ওই মাদ্রাসার ভূক্তভোগী যুবক অফিস সহকারী আল-আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, ২০০৩ সালে নিয়োগ পরীক্ষার মাধ্যমে আল আমিন ওই মাদ্রাসার অফিস সহকারী পদে যোগদান করেন। নিয়োগের জন্য মাদ্রাসা সুপার আবু তালেব পাঁচ লাখ টাকা দাবি করেন। সেই দাবির পরিপেক্ষিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চার লাখ টাকা দেওয়া হয়। এর পর থেকে তিনি সেই মাদ্রাসায় অফিস সহকারী পদে দায়িত্ব পালন করে আসছেন।

অভিযোগ থেকে আরও জানা যায়,চলতি বছরের ৬ জুলাই মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। এরপর সুপার তাঁর ছোট ভাই ইমরান আলীকে অফিস সহকারী পদে আল আমিনের পরিবর্তে আগের নিয়োগ দেখিয়ে বিলের জন্য নথি জমা দেন।

এ বিষয়ে আল-আমিন বলেন,আমি ২০ বছর বিনা বেতনে পরিশ্রম করলাম আর সরকার যখন আমাদের অসহায়ত্বের কথা ভেবে মাদ্রাসাটি এমপিওভুক্ত করল, তখন তিনি নিয়োগ নিয়ে বাণিজ্য শুরু করে দিলেন।

ওই মাদ্রাসার সুপার আবু তালেব টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান,আল আমিনের সঙ্গে তিনি বসবেন এবং তাঁর অভিযোগের বিষয়টি সুরাহা করবেন।
মাদ্রাসা কমিটির সভাপতি আবু বক্কর মাস্টার জানান, চার মাস আগে তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। নিয়োগ নিয়ে বাণিজ্যের বিষয়টি তিনি জানেন না। তবে আল আমিনের নিয়োগ অনেক আগেই হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, অফিস সহকারী আল-আমিনের বিষয়টি আমি দেখব।ভূক্তভোগী সে ব্যক্তির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা যা নেওয়ার তা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!