হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদের দাফন সম্পন্ন

মির্জাগঞ্জে ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদের দাফন সম্পন্ন

এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.সুলতান আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…রাজিউন। রবিবার ( ১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দাপ্তরিক কাজ করার সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী,১ কন্যা,১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে অত্র ইউনিয়নের সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নিজ বাড়ীর সামনে মির্জাগঞ্জ-বেতাগী সড়কের পাশে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন,সুবিদখালী দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো.শামসের আলী খান। জানাজা নামাজে উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.জাহাঙ্গীর আলম,মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য,মো.সুলতান আহমেদ গত ২৮ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে একটানা তৃতীয় বারের মতো মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুমের স্বজনরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!