
খুলনা প্রতিনিধি: খুলনায় দুই খালাতো বোন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার (১৬ মে) সকালে বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তিন জন হচ্ছে মুজাহিদ, আজিজুল ও নাঈম। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে ও র্যাব সম্ভবত আরও ২ জনকে আটক করেছে। পুলিশ অভিযান চালিয়ে নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
খুলনা র্যাব ৬ এর মুখপাত্র লেঃ কর্ণেল মুহম্মাদ মোসতাক আহমদ বলেন, ধর্ষণের ঘটনা জানার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ মে ভোর রাতে বটিয়াঘাটার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মুজাহিদ শেখ ও আজিজুল মোড়ল ওরফে মিশরিয়াকে গ্রেপ্তার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তবে এ ঘটনার সাথে আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।
তিনি জানান, ওই দুর্বৃত্তরা মুলত ওই বাড়িতে ধর্ষণের জন্যই যায়। এরা লম্পট প্রকৃতির, কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তবে অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান। এর আগে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। স্কুলছাত্রীর মা জানান, ধর্ষণের ঘটনা শনিবার মধ্যরাতের। সে সময় ঘরে থাকা ২২ মাসের শিশুকে পানিতে চুবিয়ে রাখা হয়। রোববার রাতে মেয়ে দুটি ও শিশুটিকে হাসপাতালে ভর্তি করলে বিষয়টি জানাজানি হয়। পুলিশও যায় সে সময়।
তিনি বলেন, শনিবার বিকেলে আমি বোনের বাড়ি ডুমুরিয়ায় গিয়েছিলাম। আমার স্বামী বাগেরহাটে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এ সময়ে বাড়িতে ওরা দুই বোন ছিল। মধ্যরাতে ৭ জন আমাদের বাড়িতে যায়। তাদের কয়েকজন বাইরে পাহারায় থাকে আর কয়েকজন ঘরে ঢুকে দুই মেয়েকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। ভোররাতে মেয়ে আমাকে ফোন করে বিষয়টি জানায়। আমরা গিয়ে তাদের মেডিক্যালে নিয়ে আসি। ঘটনার সময় বড় মেয়ের সন্তানের গলায় ছুরি ধরা হয়েছিল। পরে তাকে পানিতে ডুবিয়ে রাখে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় মেয়ে সেখানে গেছে ছেলে নিয়ে। সেও বেশ অসুস্থ।
বটিয়াঘাটা থানার তদন্ত পরিদর্শক জাহিদুর রহমান জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ তোলা দুজন খালাতো বোন। এদের একজনের বয়স ১৩, আরেকজনের ২৪। বড় বোনের সম্প্রতি বিয়ে বিচ্ছেদ হয়েছে। ২২ মাসের সন্তান নিয়ে তিনি খালার বাড়ি এসেছিলেন। ছোট মেয়েটি স্কুলছাত্রী।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল