
খুলনা প্রতিনিধি: খুলনায় নির্মাণাধীন মার্কেটের সেফটি ট্যাংকির ম্যানহোলে পড়ে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর খালিশপুরে নির্মাণাধীন পৌর সুপার (চিত্রালী কিচেন) মার্কেটের সেফটি ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুল্লাহ খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। সে স্থানীয় ওব্যাট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট আব্দুল্লাহ। পুলিশ জানায়, খালিশপুর পৌর সুপার মার্কেটের নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিলো। ঐসময় আব্দুল্লাহ তার আশেপাশে খেলছিলো। এক পর্যায়ে আকষ্মিক সে ম্যানহোলে পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ঘর থেকে বের হয় আব্দুল্লাহ। পার্শ্ববর্তী মসজিদে প্রায়ই সে ইফতারি করতো। কিন্তু শুক্রবার সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এলাকায় মাইকিংও করা হয়। শনিবার ভোর ৬টার দিকে এলাকার এক ব্যক্তি ওই ট্যাংকির মুখে আব্দুল্লাহর মরদেহ ভেসে উঠতে দেখে তার বাবাকে খবর দেন। পরে তার স্থানীয়রা তার মরদেহ তুলে আনেন।
খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নির্মাণাধীন খালিশপুর পৌর সুপার মার্কেটের ম্যানহোলে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। যথা সময়ে কাজ শেষ করতে না পারায় বিশ্বব্যাংক ফান্ড বন্ধ করে দিয়েছে। যার কারণে ঠিকাদার আর দায়িত্বে নেই। পরবর্তীতে সিটি কর্পোরেশন ও বিশ্বব্যাংক মার্কেটের কাজ করছে। আপাতাত কাজ বন্ধ রয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া