হোম » সারাদেশ » রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই চার শিশুর মধ্যে তিনজনের মৃত্যু

রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই চার শিশুর মধ্যে তিনজনের মৃত্যু

হারুন উর রশিদ সোহেল,রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে আরও একজন মারা গেছে। এ নিয়ে একে একে তিন শিশুর মৃত্যু হয়েছে। বাকি এক কন্যাশিশু এখনো শঙ্কামুক্ত না হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে আরেক কন্যাশিশুর মৃত্যু হয়। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই শিশুর মৃত্যু হয়। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিশুদের বাবা মনিরুজ্জামান বাঁধন। তিনি জানান, দীর্ঘ আট বছর পর সন্তানের বাবা হওয়ায় খুশিতে আত্মহারা ছিলাম। এখন দিশেহারা হয়ে পড়েছি। একে একে তিন শিশুর মৃত্যুতে শোকে কাতর তার পরিবারের সদস্যরা।

এব্যাপারে হাসপাতালের ওই ওয়ার্ডের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, তিন শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুটি ভালো আছে। তার চিকিৎসা চলছে। জানা গেছে, গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী আদুরী বেগম আশা। বিয়ের আট বছর পর এবারই প্রথম বাঁধন-আশা দম্পতির কোলজুড়ে একসঙ্গে এসেছিল চার সন্তান। এর মধ্যে এক ছেলে ও তিন কন্যাশিশু ছিল। বর্তমানে জীবিত একমাত্র কন্যাশিশুর চিকিৎসা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!