
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর থেকে রঘুনাথপুর সড়ক পাকা করার কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন এবং নিম্নমানের খোয়াগুলো তুলে ফেলেছেন। এর পরও ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ করছেন বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, শ্যামপুর থেকে রঘুনাথপুর পূর্ব দিকে একটি রাস্তা বেরিয়ে একই ইউনিয়নের শিয়ালকোল বাজারে গিয়ে মিলেছে। রাস্তাটি এর আগে মাটি দিয়ে নির্মাণ করা ছিল। এখন সেই রাস্তার ৯শত ৩০ মিটার পাকা করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ জন্য ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রায় এক মাস হলো রাস্তায় কাজ শুরু করেছেন ঠিকাদার মো. শামিম হোসেন। খোয়া বিছানোর কাজ চলছে।
এদিকে রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে এলাকাবাসী সংস্কারকাজ বন্ধ করে দেন। শুক্রবার (১১মার্চ) তাঁরা রাস্তায় নেমে আসেন। ঠিকাদারের ব্যবহৃত নিম্নমানের ইটের খোয়া রাস্তা থেকে তুলে ফেলে দেন। সেই সঙ্গে ঠিকাদারকে বলেন, ভালো ইট দিয়ে কাজ করতে।
শ্যামপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারেজ আলী শেখ জানান, রাস্তা নির্মাণের জন্য যে মানের খোয়া দেওয়ার কথা ঠিকাদার তা দিচ্ছেন না। ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের এলাকার রাস্তার কাজ ভালো মানের খোয়া ও ইট দিয়ে নির্মান করে দিতে হবে। এটা এলাকাবাসীর দাবী।
তবে ঠিকাদার শামিম হোসেন জানান, ওই রাস্তায় কাজ সঠিক নিয়মে চলছে। ভালো মানের খোয়া রাস্তায় ব্যবহার করার কথা। সেভাবেই করা হচ্ছে। কিন্তু কিছু খোয়া প্রয়োজন হওয়ায় তিনি একটি ভাটা থেকে ইট এনেছেন। তার মধ্যে ভাটা কর্তৃপক্ষ কিছু খারাপ ইট দেওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানান, রাস্তাটিতে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছে বলে এলাকাবাসী সকালে কাজ বন্ধ করে দিয়েছে শুনেছি। আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করবো।
রাস্তাটি যাতে ভালোভাবে নির্মাণ করা যায় সে ব্যাপারে ঠিকাদারকে বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল