
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জসিম (৪৪)কে হত্যার ১৬ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ ফেব্রæয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান। আগের দিন রবিবার তাকে কুমিল্লার লাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম লাঙ্গলকোট থানার ভোলাইল এলাকার আমিনুল হকের ছেলে।
এ সময় ওসি মশিউর রহমান জানান, ২০০৪ সালের ২৮ মার্চ সকালে আবুল কাশেম ও আবুল বাশার নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে জালকুড়ি এলাকার সীমা ডাইং মিলের কাছে পৌঁছামাত্র আসামি হুমায়ুন, জসিম ও অর্জুন মোটরসাইকেলযোগে তাদের বেবিট্যাক্সির গতিরোধ করে এবং হুমায়ুন ও জসিম আবুল কাশেমের মাথায় দুটি গুলি করলে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যায়। এ সময় গুরুতর আহত হয় আবুল বাশার।
২০০৪ সালের ২৯ মার্চ এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-৩২)। উপপরিদর্শক (এসআই) মো. জাহির হোসেন এ ঘটনায় হুমায়ুন (২৪) ও জসিমসহ (২৬) ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৬ সালের ২১ মে আদালত আসামি জসিমকে (২৮) দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদন্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে অর্থদন্ডিত করেন।
এর পর থেকেই দীর্ঘ সময় ধরে আসামি নিজেকে লুকিয়ে রাখার জন্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে রোববার লাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই মামলায় অপর মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি হুমায়ুনসহ কারাগারে আছে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি মোহন ও মনির।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২