হোম » সারাদেশ » নলছিটিতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নলছিটিতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ভ্যান গাড়ির চাকার সঙে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সালেহা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার পরমপাশা দরগা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম বরিশাল আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী এলাকার মৃত আবুল কালাম খানের স্ত্রী। নিহতের মেয়ের মামা শ্বশুর জাকির হোসেন এ তথ্য জানান।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, নিজ বাড়ি থেকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে জামাই বাড়ি যাওয়ার জন্য ভ্যান গাড়িতে উঠেন। ভ্যান গাড়িটি পৌরসভার পরমপাশা দরগা বাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ শরীরে থাকা ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশ গলায় ফাঁস লাগে।

এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, দুপুরে পরমপাশায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আমরা ঘটনা স্থানে গিয়ে তদন্ত করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!