
রাউজ আলী,পাবনাঃ পাবনার বেড়ায় আগুনে তিন দোকান পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এসময় ওই মার্কেট মালিক সমর সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ৩০ জানুয়ারি রোববার রাত ১২টার দিকে উপজেলার পুরাণভারেঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামের সাহা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঐ মার্কেটে অবস্থিত রাজকুমার সেলুন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় নৈশপ্রহরী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে একটি হোমিও ওষুধের দোকান, একটি সেলুন ও ব্যাটারীর (অটো-ভ্যানের ব্যাটারী) দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে দোকানগুলোতে থাকা মূল্যবান ওষুধ-ব্যাটারী-মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ সময় ওই মার্কেট মালিক সমর সাহা অসুস্থ হয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সমর সাহা বসন্তপুর গ্রামের মৃত হেমন্ত সাহার ছেলে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান