
রায়হান আলীঃ উল্লাপাড়ায় বাড়িতে হামলা, ভাংচুর: দুই গৃহবধুর চুল কর্তন ও লুটপাটের ঘটনায় সোমবার সন্ধ্যায় শ্রীকোলা এলাকা থেকে প্রধান আসামী আব্দুল মজিদসহ ৪জনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। অপর গ্রেপ্তাকৃতরা হলেন, তরফ ভায়ড়া গ্রামের ইকবাল হোসেন, মজিবুর রহমান ও আলহাজ আলী। এই ঘটনায় রোববার রাতে হামলার শিকার জিল্লুর রহমান, বাবলু সরকার ও মোঃ আলহাজ উদ্দীনের পক্ষে বাবলু সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এদিকে চুল কাটায় ক্ষিপ্ত হয়ে দুই গৃহবধু হাসনা ভানু ও নীলা খাতুন সিরাজগঞ্জ শিশু ও নারী নিযার্তন দমন আদালতে পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন।
রোববার সকালে জমি জমা নিয়ে পূর্ব গোলযোগের জের ধরে উপজেলার তরফ ভায়ড়া গ্রামের আব্দুল মজিদ সরকার তার বাহিনী নিয়ে একই গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও মোঃ আলহাজ উদ্দীনের বাড়িতে লাঠি সোটা, সাবল ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাঁধা দিতে গেলে আলহাজ উদ্দীনের মা হাসনা ভানু ও স্ত্রী নীলা খাতুনের চুল কেটে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। হামলাকারীরা প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে হামলার শিকার পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
মজিদ বাহিনীর হাতে চুল কাটার ঘটনার শিকার হাসনা ভানু জানান, তিনি ও তার পুত্রবধূ নীলা খাতুন চুল কাটার ঘটনার ব্যাপারে সিরাজগঞ্জে শিশু ও নারী নিযার্তন দমন আদালতে আব্দুল মজিদ ও তার লোকজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস সালাম আব্দুল মজিদসহ ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এদেরকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামীদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ