
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বনভোজনের সৌদিয়া বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ওই বাসের চালক মীর আহমদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। বুধবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক হতাহতের বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছামাত্র এর চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে কক্সবাজার অভিমুখী বনভোজনে যাওয়া একটি সৌদিয়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালক মীর আহমদ নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। এরপর ওই মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যরা যান চলাচল স্বাভাবিক করেন।
মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মো: সাফায়েত হোসেন জানান, ডুলাহাজারায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার