
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষের ঘটনায় স্থানীয় দুই ছাত্রলীগ নেতা আরও দুটি পৃথক মামলা করেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ এবং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় এ মামলা করেন বলে থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জে আয়োজিত সমাবেশ ঘিরে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কাটাখালি ব্রিজের কাছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামীলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। বিকাল নাগাদ সংঘর্ষ শহরের দত্তবাড়ি ও বড় পুল এলাকায় ছড়িয়ে পড়ে। বিএনপি ও আওয়ামীলীগ নেতারা এ ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন।
সাজ্জাদুর রহমান বলেন, আব্দুল্লাহ বিন আহম্মেদের দায়ের করা মামলায় ৫৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে। আর সুলতান মাহমুদ মুন্নার করা মামলায় ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে শুক্রবার পুলিশ বাদী হয়ে এ ঘটনায় তিনটি এবং এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে একটি মামলা করেন। ওই চার মামলায় মোট ৮ শতাধিক বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শনিবারের মামলা নিয়ে মামলার সংখ্যা ৬টি দাঁড়াল। সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, একই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় ছয়টি মামলায় মোট আসামির সংখ্যা কমে আসবে।
এদিকে শনিবার সন্ধ্যার পর এ মামলার আসামি জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার এবং সন্দেহভাজন আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা