
মোঃরিমন চৌধুরী ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ মহা বিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে “নবনির্বাচিত ডোমার পৌর পরিষদকে সংবর্ধনা, বই পড়া উৎসব প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান” আয়োজন করেছে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার।
শুক্রবার (১৭ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ডোমারের চিকনমাটি এলাকায় শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার পৌরসভার টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন- শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন রহমান।
শহীদ মুক্তিযোদ্ধার দৌহিত্র আজমির রহমান রিশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, শালকী ব্রিকসের স্বত্বাধিকারী মো. জাফর ইকবাল পলাশ, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সেলিম রেজা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুবেল ইসলাম, ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের আজীবন সদস্য মো. ময়নুল হক মনু, অত্র প্রতিষ্ঠানের আজীবন সদস্য ও সহ-সভাপতি মো. আশিকুর রহমান, মো. হাফিজুর রহমান মন্ত্রী, আজীবন সদস্য মো. মিজানুর রহমান সোহাগ প্রমুখ।
এসময় ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, টানা চার দশক থেকে ডোমারের ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত করতে আমার চিকনমাটির ভোটাররা ঐক্যবদ্ধ হয়। সবার অক্লান্ত পরিশ্রমে আমার এই বিজয়। এই মঞ্চ থেকে ৬ ও ৭নং ওয়ার্ডে দেড়শো পাকা ঘর নিজস্ব অর্থায়নে তৈরি করার সংকল্প করলাম। চিকনমাটি থেকে ডোমার বাজার সড়ক দ্রুত সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। সকল উন্নয়ন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এছাড়া আগামী বছরের শুরুতে এই পাঠাগারে নিজস্ব অর্থায়নে তিন লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। পরবর্তীতে পৌরসভার বরাদ্দ থেকে আরও বাড়বে বলে আশা করছি। সকলেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশকে ভালোবেসে কাজ করে যাবেন এই প্রত্যাশা করি।
আলোচনা সভা শেষে ডোমার পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরগণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দকে পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় পাঠাগারের পক্ষে স্মারক তুলে দেন- অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন রহমান, সহ-সভাপতি মো. আনিছুর রহমান, সহ-সভাপতি মো. মোতাহের হোসেন রফু, মো. আশিকুর রহমান, মো. হাফিজুর রহমান মন্ত্রী প্রমুখ।
এর আগে সংবর্ধনা পত্র পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের সদস্য ও বীর মুক্তিযোদ্ধার দৌহিত্রী সাওদিয়া তাওঈন মিথিলা। পরে, পাঠাগারের সদস্য মুমতাহেনা হোসেন এশা’র উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, শালকী ও নীল দীঘি খেলাঘর আসরের শিল্পীরা।
উল্লেখ্য, ২০০১ সালে ডোমারের চিকনমাটি গ্রামের দুই কৃতি সন্তান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ মিজানুর রহমান মিজান ও শহীদ আব্দুল বারী’র নামকরণে ‘শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার’ নির্মিত হয়। যা এলাকার মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগ্রহশালা হিসেবে পরিচিত। বর্তমানে সরকারের গণগ্রন্থাগারের ‘ক’ তালিকায় পাঠাগারটি রয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ