হোম » সারাদেশ » সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার, কথিত স্ত্রী ও ভাই উধাও

সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার, কথিত স্ত্রী ও ভাই উধাও

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর দারগাহ গেইট এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোরশেদ আহমদ (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মাকু মিয়ার ছেলে। সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় শাহজালাল (রাহ.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ হোটেল জমজমের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (রাহ.) তদন্তকেন্দ্রের এসআই আবু সাঈদের নেতৃত্বে সোমবার বিকাল ৩টার দিকে জমজম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মোরশেদ আহমদের লাশ উদ্ধার করা হয়। হোটেল সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে মোরশেদ আহমদ (৪৮), তার স্ত্রী পরিচয়ে সাথী আক্তার (৩০) ও ছোট ভাই পরিচয়দানকারী বাবু মিয়া (২৯) জমজম হোটেলের তৃতীয় তলার একটি ডাবল ও একটি সিঙ্গেল রুম ভাড়া নেন। তারা শাহজালাল (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট এসেছেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানান।

সোমবার সকাল ১১টার দিকে হোটেল কর্মচারী নিয়মিত রুম সার্ভিসে তয় তলায় গিয়ে দেখতে পান, ডাবল রুমের খাটের উপর মোরশেদের নিথর দেহ পড়ে আছে।  পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের এসআই আবু সাইদের নেতৃৃত্বে সোমবার বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকে মোরশেদের কথিত স্ত্রী ও ছোট ভাই লাপাত্তা রয়েছে।

এঘটনায় জমজম হোটেলের ম্যানেজার জাকির হোসেনকে সন্ধ্যায় জিঞ্জাসাবাদের জন্য কোতোয়ালী থানায় নিয়ে যায় পুলিশ।  কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  প্রাথমিক ভাবে মনে হচ্ছে যৌন উক্তেজক  ওষুধ সেবনের কারণে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছে মোরশেদ। স্ত্রী ও ছোট ভাই পরিচয়ে হোটেলে অবস্থানকারীদের খুঁজছে পুলিশ। তাদের ধরতে পারলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!