
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এবং ধারালো চাকুসহ (বার্মিজ) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউনিয়নের রজাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জেলা ছাত্রলীগ নেতা মাহাফুজার রহমান রয়েছেন। জানা গেছে, আগামী ২৮ নভেম্বর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ পান বর্তমান চেয়ারম্যান আলীম উদ্দিন। তার বিপক্ষে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বদরুল আলমও চেয়ারম্যান প্রার্থী হতে স্বতন্ত্রভাবে মনোনয়ন সংগ্রহ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় নৌকার প্রার্থী আলীম উদ্দিনের সমর্থকরা প্রায় ৫০টি মোটরসাইকেলের বহন নিয়ে নির্বাচনী শোডাউনে বের হন। তারা রজাকপুর গ্রামে যান। রজকপুর গ্রামটি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতা বদরুলের নিজ গ্রাম। সেখানে বদরুলের সমর্থকদের মুখোমুখি হয় আলীমের সমর্থকরা। ফলে সেখানে তাদের মধ্যে বাগ বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় চার-পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন পাঁচজন। তাদের মধ্যে জেলা ছাত্রলীগ নেতা মাহাফুজারও রয়েছেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলীম উদ্দিন জানান, ‘জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ভাইয়ের সৌজন্য আজ আমার নির্বাচনী প্রচারণা র্যালী রজাকপুরে যায়। এসময় বদরুলের লোকেরা অতর্কিত হামলা করলে আমার কর্মিরা আহত হয়।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুল আলম জানান, ‘আলীম উদ্দিনের লোকেরা আমার এলাকায় এসে হামলা চালালে এলাকাবাসী প্রতিরোধ করে। তারা আমার ক্ষতি করতে সন্ত্রাসী বহর নিয়ে এসেছিল।’ জানতে চাইলে সদর থানার (ওসি) মো: সেলিম রেজা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনাস্থল থেকে বার্মিজ চাকুসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।’

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার