
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: ‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ প্রতিপাদ্যে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হওয়া সহিংস কর্মকান্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে। এতে একাত্মতা প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন রাস্তায় নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন, ‘বাংলাদেশে এরকম ঘটনা নতুন না। কিছু গোষ্ঠী সংঘবদ্ধভাবে এ ঘটনাগুলো ঘটায়। উগ্রতা কোন ধর্ম হতে পারে না। আমাদের পতাকার লাল-সবুজ অসাম্প্রদায়িকতার প্রতীক।’
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, ‘১৯৪৭ সালে এই সাম্প্রদায়িকতার গোড়াপত্তন হয়। ১৯৯১,২০০১ সালের ঘটনায় আমি প্রত্যক্ষদর্শী। আর ২০২১ এ কি ঘটছে আমরা সবাই দেখেছি। কুমিল্লার ঘটনায় কয়েকজনকে ধরার পরেও কীভাবে পর পর দেশের বিভিন্ন অঞ্চলে আবার সহিংসতা ছড়ায়? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছে কিন্তু এরপরও কে বা কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাচ্ছে তা খুব দ্রুত বের করার আহ্বান জানাই।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা উদ্দেশ্যপ্রনিত। জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপশক্তিরা এই ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর তীব্র নিন্দা জানায়। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনো সময় সংখ্যালঘুদের উপর হামলার মত ঘটনা ঘটাতে পারে না। তাহলে তারা কারা সেটা খুঁজে বের করতে হবে। সমাজে একজন আধ্যাতিক নেতা থাকলে তাকে যেমন ধারণ করতে হবে তেমনি একজন উগ্রবাদী নেতা থাকলে তাকেও ধারণ করতে হবে এবং মূল সমস্যার জায়গায় মেরামত করতে হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি