
দাগনভূঞা ফেনী প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী ও তার ভাইকে পিটিয়ে জখম করেছেন মো. ইসরাফিল (২০) নামের এক যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ইসরাফিলে বাড়ি উপজেলার বারাহিগোবিন্দ গ্রামে। তিনি একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন করেন। তবে এতে রাজি ছিল না ওই স্কুলছাত্রী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসরাফিলের বিষয়ে তার পরিবারকে জানান স্কুলছাত্রীর ভাই ও তার মা। এতে ক্ষিপ্ত হয় ওই যুবক। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী ও তার ভাইকে পিটিয়ে জখম করেন বখাটে ইসরাফিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার দিন রাতেই ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ইসরাফিল, লোকমান হোসেন লোকমান (৪৫), পারুল (৩৫) ও বিলকিছসহ (২৮) অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী বলেন, বখাটে ইসরাফিল আমার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করত। বিষয়টি নালিশ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে ও ছেলেকে পিটিয়ে জখম করে। এ সময় আসামিরা আট আনা ওজনের স্বর্ণ নিয়ে যায় এবং আমার মেয়ের শ্লীলতাহানি ঘটায়। আমাকেও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসরাফিলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান