
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসটিকে ধাওয়া করে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি জামেলা বেগম গোপালগঞ্জ জেলার সদর থানার চরমা গ্রামে। তিনি গাজীপুর জেলার কোণাবাড়ি এলাকার এ্যাসটেক্স গার্মেন্টের শ্রমিক ছিলেন।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে সেনা শপিং কমপ্লেক্সের সামনে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন ওই নারী। এসময় ঢাকাগামী ওসমান ট্রাভেলসের একটি যাত্রবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ ও ঘাতক বাসটিকে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত ওই নারীর কাছে পাওয়া একটি পরিচয়পত্র থেকে তিনি একটি গার্মেন্টের শ্রমিক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে তিনি কোথায় থাকতেন তা জানা যায়নি। একই সাথে তার পরিবারের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল