
আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান, মোটরসাইকেল এবং রিক্সার ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক কামরুল হাসান খান (২৪) বরিশালের মুলাদী উপজেলার খালাসীরচর গ্রামের আবুল কালাম খানের ছেলে। সে মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে।নিহত কামরুল ভালুকার জামিরদিয়া এলাকার এসকিউ গ্রুপের কাভার্ডভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলো। আহতরা হলো, কাভার্ডভ্যান চালক শিমুল মিয়া (৩০) মাগুরা সদর উপজেলার পুকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রিক্সা চালক ফরিদ মিয়া (৫০) গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর গ্রামের রমিজের ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আজ বেলা এগারোটার দিকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান এবং একইগামী একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যাওয়ার সময় রিক্সার সাথে ধাক্কা লাগে। এসময় সামনে থাকা রিক্সাকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যায়।
পরে তাদের মধ্যে মোটরসাইকেল চালক কামরুল এবং কাভার্ডভ্যান চালক শিমুলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক মোটরসাইকেল চালক কামরুল হাসানকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে মাওনা হাইওয়ে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি