
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে এক গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে একই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বড় চাপড়া গ্রামের ২৯ বছর বয়সী দুই সন্তানের জননী গত ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে দুই সন্তানকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্বামী মমিন মিয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত একটি পিকনিকের রান্নার কাজে গ্রামের নাছিমের দোকানের পাশে অবস্থান করছিলেন।
অভিযোগে বলা হয়েছে, রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিনিষ্টার (৩০) কৌশলে ঘরের দরজার ছিটকানি খুলে শয়নকক্ষে প্রবেশ করেন। পরে তিনি ভুক্তভোগীকে জাপটে ধরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে যৌন নিপীড়ন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে তার শ্বশুর মো. আনিছার রহমানসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, তড়িঘড়ি করে পালানোর সময় তিনি নিজের পরিহিত একটি গেঞ্জি, এক জোড়া স্যান্ডেল এবং ব্যবহৃত একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন (নম্বর: ০১৭৭৪-০৫৫৬৯৪) ঘটনাস্থলে ফেলে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাসিন্দা শামসুল হক, হারুন ও আফিজারসহ কয়েকজন অভিযুক্তকে ধাওয়া করলেও তিনি নিজ বাড়িতে ঢুকে আত্মগোপন করতে সক্ষম হন।
পরে ভুক্তভোগীর স্বামী বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে।
ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকাবাসীও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় মিনিষ্টারকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত