হোম » সারাদেশ » বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

‎ এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও অ্যালকোহলসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
‎অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মোট ৩৫ গ্রাম গাঁজা ও ২৫০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।
‎গ্রেফতার ব্যক্তিরা হলেন- সেউজগাড়ী এলাকার মৃত সুধীর বাঁশফোড়ের ছেলে শ্রী সোহাগ বাঁশফোড় (২৭), নুড়ুইল এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. ফিনুস আলী (২৯) এবং পূর্ব পাতিতাপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে মো. আব্দুল বারী (৪০)।
‎ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শ্রী সোহাগ বাঁশফোড় ও মো. ফিনুস আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মো. আব্দুল বারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎আদালতের নির্দেশে উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিধি মোতাবেক ধ্বংস করা হয়।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!