
মোঃ জামাল শেখ, কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড, বিভিন্ন সরকারি ভাতা ও আর্থিক সহায়তার নামে প্রতারণা এবং অবৈধ অর্থ লেনদেনের অপচেষ্টা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসার এবং ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্য সচিব এ.বি.এম. সৌরভ রেজা শিহাব।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ, ফ্যামিলি কার্ড প্রদান, বেসরকারি এতিমখানার আর্থিক বরাদ্দ, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী পরিচয়পত্র, সমাজকল্যাণ কমিটির আর্থিক অনুদান, বিভিন্ন সরকারি ভাতা এবং ক্ষুদ্র ঋণসহ যেকোনো সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তি, দালাল বা তৃতীয় পক্ষের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।
সৌরভ রেজা আরও বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই সকল সুবিধা পাবেন। এসব সেবা গ্রহণের জন্য কোনো ধরনের ঘুষ, অফিস খরচ, চা-নাস্তা বা অন্য কোনো অজুহাতে অর্থ প্রদানের প্রয়োজন নেই, কেউ যদি অফিস বা কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে অর্থ দাবি করে, তাহলে সেটি প্রতারণা হিসেবে বিবেচিত হবে। এমন কোনো ঘটনা ঘটলে দ্রুত আমাকে ইনবক্সে অথবা সরাসরি অবহিত করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, সরকারি সেবা সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রদান করা হচ্ছে। তাই কোনো প্রকার গুজব বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে সৌরভ রেজা বলেন, “সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় এবং দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা ব্যবস্থা গড়ে তুলতে সবাই’কে একসঙ্গে কাজ করতে হবে।”

আরও পড়ুন
চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ক্ষেতলালের রোয়াইর গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ সেমিনার অনুষ্ঠিত