
গাজীপুর প্রতিনিধিঃ
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে গাজীপুরের পূবাইল–জয়দেবপুর সড়কের গুরুত্বপূর্ণ পাঁচ কিলোমিটার অংশের উন্নয়নকাজ শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
‘গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ সড়ক প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ’ প্রকল্পের আওতায় ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হবে। পাশাপাশি বিটুমিনাস ও আরসিসি দিয়ে সড়ক উন্নয়ন, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে গাজীপুর সিটি করপোরেশন। নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে কেই-বি অ্যান্ড সি (জেভি)।
এর আগে জয়দেবপুরের বাঙ্গালগাছ থেকে ইছালী ব্রিজ পর্যন্ত অংশের উন্নয়নকাজ প্রায় শেষ হয়েছে। ফলে ইছালী থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত নতুন এ অংশের কাজ শেষ হলে জয়দেবপুর–পূবাইল সড়কের বড় একটি অংশ আধুনিক যোগাযোগ অবকাঠামোর আওতায় আসবে।
উন্নয়নকাজ শেষ হলে পূবাইলের সঙ্গে গাজীপুর শহরসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা, পরিবহনচালক ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, সড়কটি উন্নত হলে শুধু যাতায়াতের দুর্ভোগই কমবে না, বরং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পায়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “এই সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।”
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “আধুনিক ও টেকসই মান বজায় রেখে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে।”
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী আবু ছাঈদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আমান উল্লাহ, পূবাইল বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২