
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার ৬ জুলাই সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে গাছের চারা বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। তবে অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপজেলার কর্মকর্তা মাসুম মিয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী থানার তদন্ত কর্মকর্তা এবাদ আলী, শিক্ষক নেতা মিজানুর রহমান, গ্রিন ফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা সভাপতি ও সাংবাদিক এনামুল হক, সাংবাদিক রিয়াদ মাহমুদ শিকদার, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পক্ষ থেকে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না করার অঙ্গীকর রক্ষা করায় কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রী রিতা আক্তার এবং জান্নাতুল নাদিরা কে ২২হাজার ৯শত টাকা করে কিশোরী সংঘের চেক প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
এছাড়াও বিভিন্ন সমিতির সফল কার্যক্রম ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদন্ড
তৃষিত হৃদয়কে শীতল করতে তরুণদের হাতে গড়া গাছের ডালে ‘গরিবের এসি’
মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ