
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক সিএনজি অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আব্দুল মান্নান (৫০) গাবতলী উপজেলার মালিয়ানডাঙা গ্রামের আফজাল হোসেন গেদা মন্নার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি সারিয়াকান্দি যাওয়ার কথা বলে আব্দুল মান্নানের সিএনজি ভাড়া করেন। যাত্রীবেশী দুর্বৃত্তরা উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের ‘আন্ধারে ব্রিজ’ এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার সিএনজি অটোরিকশাটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার (২৯ জুন) ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে চালক আব্দুল মান্নানকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ছিনতাই হওয়া সিএনজি উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
তিস্তার পানি কমে স্বস্তি ফিরেছে ডিমলার নদী বেষ্টিত বাসিন্দাদের মাঝে,পানি বাড়লেই বাড়বে ভোগান্তি
কিশোরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
জামালপুর পৌরসভায় ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা