
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়া সদর উপজেলার ফাপড় ইউনিয়নের কানাড় গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রিয় প্রাইভেট শিক্ষক খায়রুল ইসলাম কাজল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত দেড়টায় কানাড় গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, খায়রুল ইসলাম কাজলের পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে দীর্ঘ ২৫-৩০ বছর আগে বগুড়ার কানাড় গ্রামে বিয়ে করে তিনি সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পেশা হিসেবে তিনি প্রাইভেট শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। গত দুই দশক ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে তিনি এলাকার শত শত শিক্ষার্থীকে আলো ছড়িয়েছেন।
তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাড় গ্রামসহ পুরো ফাপড় ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতেও তার বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে প্রতিবেশী ও গুণগ্রাহীরা ভিড় করেন।
এলাকাবাসী জানান, শিক্ষক খায়রুল ইসলাম কাজল শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন অত্যন্ত নম্র, ভদ্র ও নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার এই চলে যাওয়া স্থানীয় শিক্ষার ক্ষেত্রে এবং সমাজে এক অপূরণীয় ক্ষতি। মরহুমের জানাজার নামাজ বাদ আসার অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজে হেযবুত তাওহীদ এর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলেন।

আরও পড়ুন
মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মদনপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান