
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল প্রতিবেশী মো. ছাইদুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে এ বিরোধের জেরে ছাইদুর রহমান ও তার সহযোগীরা রাসেলকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে উত্তেজিত জনতা ঘাতকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চলতি দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণ
টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে