হোম » সারাদেশ » কেন ফেরত গেলো স্বাস্থ্য বিভাগের উন্নয়ন তহবিল? সরকারি বরাদ্দের সুফল পেল না দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্স

কেন ফেরত গেলো স্বাস্থ্য বিভাগের উন্নয়ন তহবিল? সরকারি বরাদ্দের সুফল পেল না দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্স

টাঙ্গাইল প্রতিনিধি:
জেলা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের অবহেলায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত তহবিল। ফলে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে আওতাধীন বিভিন্ন বিভাগ।  জরুরি সংস্কার ও মেরামত কাজ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন গত ২১ জুন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত পত্র পাঠিয়ে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।
পত্রে উল্লেখ করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আওতাধীন স্বাস্থ্য স্থাপনাগুলোর বিভিন্ন জরুরি মেরামত কাজের জন্য বারবার চাহিদাপত্র পাঠানো হলেও যথাসময়ে কাজ করা হচ্ছে না। ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংস্কার কাজ না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
পত্রে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় গত বছরের ২ জুলাই থেকে তিনি কনফারেন্স কক্ষে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রায় ১০-১১ মাস ধরে একাধিকবার তাগিদ দেওয়ার পরও অফিস কক্ষের সংস্কার কাজ শুরু হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজের মধ্যে রয়েছে হাসপাতালের অভ্যন্তরীণ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পুরাতন ভবনের জলছাদ নির্মাণ, নতুন দুটি কক্ষ নির্মাণ, নিরাপত্তা প্রাচীর উঁচুকরণ ও মেরামত, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, রাস্তার ল্যাম্পপোস্ট প্রতিস্থাপন, বৈদ্যুতিক লাইন মেরামত, স্টোর রুমের ফ্লোর টাইলস ও রংকরণ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক কোয়ার্টার সংস্কার।
এছাড়া উপজেলার দেওজান ও দুল্যা উপস্বাস্থ্য কেন্দ্রের মেরামত এবং সীমানা প্রাচীর নির্মাণ কাজও জরুরি ভিত্তিতে সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
সূত্রে আরও জানা যায়, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য বিভাগের সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্যও জানতে চেয়েছেন।
এ অবস্থায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার ও মেরামত কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী (স্বাস্থ্য) মো. সাইদুর রহমান বলেন, এ অর্থবছরের জন্য যে বরাদ্দটি এসেছিলো তা নির্ধারিত সময়ে না আসায় দরপত্র আহবান করা সম্ভব হয়নি। মাত্র ৭-৮ দিন আগে বরাদ্দটি আসে। এ স্বল্প সময়ের মধ্যে দরপত্র আহবান করে কাজ সম্পাদন করা সম্ভব নয়। যার কারণে তহবিল ফেরত দিতে হয়েছে। অবহেলা নয় জুন ক্লোজিং জটিলতার কারণে বাধ্য হয়েই তহবিল ফেরত দিতে হয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জ জানান, আগামি দিন আমাদের জেলা স্বাস্থ্য বিভাগের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!