
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির প্রথম দিনে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. সালাউদ্দিন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুস, জেলা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. জুনায়েদ ও কলেজ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
কর্মসূচির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাবেদ হোসেন জানান, ‘পরিবেশের সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মাসব্যাপী এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।’

আরও পড়ুন
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
নওগাঁয় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকসহ তিন জন গ্রেফতার