
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ জেলা সদর উপজেলার বারোমাসি বিল থেকে ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলামের লাশ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১১ জুন সদর উপজেলার বারোমাসি বিলের কচুরিপানার ভেতর থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে উঠে আসে, ব্যবসায়িক বিরোধ ও অর্থলাভের উদ্দেশ্যে শফিকুল ইসলামের ব্যবসায়িক অংশীদাররা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নুল ও আশরাফুল নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা শফিকুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করার পর তার মরদেহ বারোমাসি বিলে ফেলে দেয়। পরে তারা নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ আত্মসাৎ করে।
পুলিশ সুপার জানান, তার নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি আরও জানান, মামলার অপর এক পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকসহ তিন জন গ্রেফতার