
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনটে বিএনপির সংসদ সদস্যদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৩ জুন ২০২৬) রাতে উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিব খাঁন বিজয় (৩১) পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত জাহিদুল ইসলাম খাঁনের ছেলে। তিনি ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গত ২০১৮ সালে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন ২০২৫ সালের নভেম্বর মাসে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়।
তিনি আরও জানান, মামলাটির তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে সাকিব খাঁন বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
নওগাঁয় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার