
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাধুরখিল গ্রামে ব্রিটিশ প্রবাসী একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করায় এই সুযোগে দুর্বৃত্তরা তাদের প্রায় ১৬৪ শতাংশ কৃষি জমি ও মাছের প্রজেক্ট থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ব্রিটিশ প্রবাসী মনোয়ারা বেগম (স্বামী মৃত আব্দুল কাদির), গ্রাম সাধুরখিল, থানাঃ চাটখিল, জেলা নোয়াখালী। তার চার মেয়ে—সুজানা আক্তার, তাসলিমা আক্তার, রাবেয়া বেগম ও রাহিমা খাতুন—সবাই প্রবাসে বসবাস করেন।
অভিযোগে জানা যায়, গত কয়েকদিন ধরে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে তাদের ফসলি জমি ও মাছের প্রজেক্ট থেকে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে করে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার মাটি বিক্রি করে ফেলছে দুর্বৃত্তরা এবং ধীরে ধীরে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতি হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর মাধ্যমে খোঁজ নিয়ে পরিবারটি জানতে পারে, সুজানা আক্তারের সাবেক স্বামী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম (পিতা মৃত চেরাজুল হক, গ্রাম বাদুলি) স্থানীয় কয়েকজন বিএনপি নেতার সহায়তায় এই মাটি কাটার কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মনোয়ারা বেগম গত ২ জুন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
মনোয়ারা বেগম বলেন, “আমরা প্রবাসে থাকার কারণে দুর্বৃত্তরা দিন-রাত আমাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করছে। এতে আমাদের ফসলি জমি ও মাছের প্রজেক্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ছি।” তাই এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন
বন্দর উপজেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা, লিটন আহ্বায়ক ও এহেসান উদ্দিন সদস্য সচিব
ভৈরব রেলওয়ে জংশন প্লাটফর্ম ভাংচুর ও থানা ভাংচুরের ঘটনায় ১ জন গ্রেফতার
নাগরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার