হোম » সারাদেশ » নওগাঁয় ইমামের বিরুদ্ধে কিশোরকে বলাৎকারের অভিযোগ

নওগাঁয় ইমামের বিরুদ্ধে কিশোরকে বলাৎকারের অভিযোগ

জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় মসজিদের ইমাম গোলাম রাব্বানীর (৪৫) বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পার-বোয়ালিয়া পলিপাড়া এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম গোলাম রাব্বানী একই ইউনিয়নের শাহাপুর এলাকার বাসীন্দা বলে জানা যায়।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়- গত প্রায় দেড় বছর থেকে পার-বোয়ালিয়া পলিপাড়া গ্রামের মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন গোলাম রাব্বানী। ভুক্তভোগী কিশোর নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তো এবং ইমামের সাথে বিভিন্ন জায়গায় যেতো।

গত ঈদ-উল-ফিতরের কয়েকদিন পর ইমাম গোলাম রাব্বানী ওই কিশোরকে তার গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে বাড়িতে কেউ না থাকায় তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। ঘটনাটি কাউকে কিছু না বলার জন্য তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। যদি কিছু বলে দেয় তাহলে কুফরি করে তার পরিবারের সদস্যদের মেরে ফেলাসহ পরিবারের সদস্যদের ক্ষতি করবে। ঘটনার পর থেকে ওই কিশোর সবসময় নিরব থাকতো। তারপর থেকে ইমামের সাথে ঘুরতে দেখা যায়নি। এমনকি ঠিক মতো নামাজও পড়ে না। ওই কিশোর কেন এমন করছে বাবা-মা তার কাছে জানতে চাইলেও নিরব ভূমিকা পালন করতো। মসজিদে যেতে বলা হলেও যায় না। তাদের জোরাজুড়িতে ইমামের বলাৎকারের বিষয়টি জানানো হয়।

রোববার (৩১ মে) জোহর নামাজের পর পরিবারের সদস্যরা মসজিদের ইমাম গোলাম রাব্বানীর কাছে বিষয়টির সত্যতা জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার ছেলেকে বলাৎকারের কথা। এরপর তাকে এলাকাবাসীরা উত্তমমাধ্যম দেয় এবং স্থানীয় ভাবে সালিস-বৈঠক করা হয়। পরে ইমামের পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আসা হয়। এরপর তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ইতোপূর্বেও ওই ইমামের বিরুদ্ধে এমন অপকর্মের অভিযোগ রয়েছে বলেও জানা যায়।

তবে সম্মানের কথা ভেবে কিশোরের পরিবারের পক্ষ থেকে আইনগত কোন পদক্ষেপ নেয়া হয়নি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন- বিষয়টি জানার পর ওই এলাকায় (বোয়ালিয়া) পুলিশ পাঠানো হয়েছিল। বলাৎকারের ঘটনা পাশের বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় হয়েছে বলে জানা যায়। যেহেতু ওই থানা এলাকায় হয়েছে ভুক্তভোগী চাইলে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!