
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় মোল্লাহাট উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মৎস্যজীবী দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শিকদার জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু কপিল কৃষ্ণ মন্ডল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। তাঁর জীবন ও কর্ম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেশের প্রতি ভালোবাসা, সততা, নিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জিয়াউর রহমান জনগণকে সবসময় কাছে টেনে নিয়েছিলেন। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করতেন এবং জনগণকে আন্তরিকভাবে ভালোবাসতেন। এ কারণেই আজও দেশের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করে। তাঁর আদর্শ ও কর্মনীতি আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
আলোচনা সভায় ১ নং উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম সিকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল মৃত মুসলমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব শিকদার জামাল উদ্দিন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু