
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভৈরব সরকারি কে.বি. পাইলট মডেল হাই স্কুলের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভৈরব উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সুবিধাভোগী পরিবার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। দেশের ক্রান্তিকালে তাঁর নেতৃত্ব জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তাঁরা আরও বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বক্তারা তাঁর আত্মত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার ১ হাজার ১০০ জন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম দিক। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু