হোম » সারাদেশ » প্রধানমন্ত্রী তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: এনসিপি কর্মীকে ধরে পুলিশের হাতে দিল ছাত্রদল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: এনসিপি কর্মীকে ধরে পুলিশের হাতে দিল ছাত্রদল

রবিউল হাসান লায়ন, জামালপুর 

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে অশ্লীল এবং কুরুচিপূর্ণ পোস্ট করায় এনসিপি কর্মী মোহাম্মদ সাজনকে ধরে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের নেতারা।

শনিবার (৩০ মে) বিকেলে জামালপুর পৌর শহরের তিরোথা বটতলা থেকে তাকে ধরে নিয়ে আসেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান সুমিল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যরা।

জানা গেছে, আটক সাজন বিএনপি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ফেসবুকে নিয়মিত বিভিন্ন আপত্তিকর কনটেন্ট পোস্ট করত। সাজন ওই এলাকার অটোচালক আব্দুল আজিজের ছেলে।

ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করতে থাকে। বিভিন্নভাবে তাকে এসব পোস্ট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেও সফল হয়নি। তাই তাকে ধরে জেলা গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাকে ধরে আমরা নিজেরা মারধর না করে পুলিশের হাতে তুলে দিয়েছি। সাজনের সরাসরি এনসিপির শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সঙ্গে যোগাযোগ আছে।”

শফিক আরও বলেন, “সাজন নিজের মুখে স্বীকার করেছে, সে আগে শিবিরের ‘বাঁশের কেল্লা’ পেইজে পোস্ট করত। পরবর্তীতে এনসিপির হয়ে নিয়মিত পোস্ট করত। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কার্ডের ছবি দিয়ে অশ্রাব্য, নোংরা এবং অশ্লীল কনটেন্ট পোস্ট করে।”

এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, “আটক সাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!