
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহুর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক দিন হাটগুলোতে তেমন একটা মানুষের আনাগোনা না থাকলেও ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা ভিড় করছেন পশুর হাট গুলোতে। প্রতিদিন পশুরহাট গুলোতে প্রচুর পশু ওঠতে দেখা গেছে।
তবে এবারের হাটের চিত্র কিছুটা ভিন্ন। হাটে বড় গরুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতাদের মূল আকর্ষণ ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। চাহিদা বেশি থাকায় এই ক্যাটাগরির গরুর দামও তুলনামূলক চড়া। খামারিদের দাবি, গো-খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই পশুর দাম বেড়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর ও ভাটপাড়া হাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের এমন ব্যস্ততা ও বাজারের এই চিত্র দেখা যায়।
হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর গরুর দাম বেশ চড়া। তবে শেষ মুহূর্তে ক্রেতাদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে হাট। চারদিকে চলছে দর-কষাকষি ও বেচাকেনা। দাম কিছুটা বেশি হলেও শেষ পর্যন্ত পছন্দের পশুটি কিনে হাসিমুখে বাড়ি ফিরছেন অধিকাংশ ক্রেতা।
পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা থেকে গোপালপুর হাটে গরু কিনতে আসা আব্দুর রহমান বলেন, “এবার গরুর দাম অনেক বেশি। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে ছোট সাইজের গরুগুলোই সবার প্রথম পছন্দ। বিশেষ করে ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে যেসব গরু পাওয়া যাচ্ছে, সেগুলোর চাহিদাই সবচেয়ে বেশি।”
লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রাম থেকে গরু বিক্রি করতে আসা খামারি আবু সাঈদ জানান, “পশু খাদ্যের দাম আকাশছোঁয়া। খড়ের দাম গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। গো-খাদ্যের পেছনে খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই আমাদের একটু বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে।”
ভাটপাড়া হাট কমিটির প্রধান অ্যাডভোকেট হেমায়েত হোসেন জানান, “এবার হাটে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদাই বেশি। তাই অধিকাংশ ক্রেতাদের নজর ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন বলেন, “উপজেলায় এবছর কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রস্তুতকৃত পশুর সংখ্যা বেশি। স্থানীয় খামারিরা এবার দেশীয় জাতের পশু বেশি লালন-পালন করেছেন। হাটে সুস্থ-সবল পশু কেনাবেচা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে প্রতিটি হাটে একটি করে মেডিকেল টিম সার্বক্ষণিক তদারকি করছে।”
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জাল টাকা রোধসহ যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু