
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঐতিহ্যবাহী উদয়পুর পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। সাপ্তাহিক প্রতি রবিবার বসা এই হাটটি “মোল্লাহাট উদয়পুর গরুর হাট” নামে ব্যাপক পরিচিত।
২৪ মে, রবিবার সকাল থেকে হাটে ছিল ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা এ হাটে আসছেন। মধুমতি নদীর তীরে অবস্থিত হওয়ায় নদীপথেও নৌকা ও ট্রলারযোগে বিপুল সংখ্যক মানুষ হাটে যাতায়াত করছেন।
কোরবানির ঈদকে সামনে রেখে এবার হাটে ব্যাপক ক্রেতা সমাগম দেখা গেছে। দেশীয় গরুর পাশাপাশি বিভিন্ন এলাকার বড় ও মাঝারি আকারের পশুও উঠেছে হাটে। তবে গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
গাড়ফা এলাকার ক্রেতা মোঃ আক্তার চৌধুরী বলেন, “এ বছর গত বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিতে হবে, তাই গরু কিনতে এসেছি। একটি গরু ১ লাখ ৪০ হাজার টাকা দিয়ে কিনেছি।”
অন্যদিকে গিরিশ নগর গ্রামের এক গরু বিক্রেতা জানান, “এ বছর মোটামুটি ভালো দাম পাওয়া যাচ্ছে। আশা করছি ভালো দামেই আমার গরুটি বিক্রি করতে পারবো।”
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই উদয়পুর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়