
রবিউল হাসান লায়ন, জামালপুর
দীর্ঘ ১৯ বছর ধরে চলা জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামালপুর পৌর শহরের কয়েকটি এলাকার বাসিন্দারা। বছরের পর বছর ধরে পানিবন্দী জীবন, নষ্ট হচ্ছে ফসল, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা— এমন অভিযোগ তুলে রবিবার সকালে বিসিক শিল্পনগরী নতুন বাইপাস মোড়ে জড়ো হন শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা বলেন, সামান্য বৃষ্টি হলেই পৌর শহরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক শিল্পনগরী এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি জমে থাকে দিনের পর দিন। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
কয়েকশ একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অনেক পরিবার ঘরবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শামীম আহাম্মেদ, ইসমাইল হোসেন, ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, “১৯ বছর ধরে শুধু আশ্বাসই শুনছি। কিন্তু স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। আমরা আর প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দেখতে চাই।”
পরে সকাল ১১টা ১০ মিনিটের দিকে এলাকাবাসী জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া এবং জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের দাবি, প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি হলেও কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় তাদের কষ্ট যেন স্থায়ী রূপ নিয়েছে। দ্রুত টেকসই উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২