
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকালে আলফাডাঙ্গা পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলফাডাঙ্গা সদর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। এ জাতীয় লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে অপরাধীরা পার পেয়ে যাবে এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটবে। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে প্রধান অভিযুক্তসহ জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২