
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ফরিদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শামসের উদ্দিন। তিনি আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দক্ষ সহকারী শিক্ষক। এর আগে তিনি আলফাডাঙ্গা উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
শনিবার (২৩ মে) জেলা বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদদীন স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে শামসের উদ্দিনকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ জেলার নয়টি উপজেলার মধ্যে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। মেধাবী এই শিক্ষক দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে প্রাত্যহিক সমাবেশ, খেলাধূলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষ ক্লাস নেওয়াসহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। এছাড়াও প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোনো কর্মসূচিতে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার এই নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও কঠোর পরিশ্রমের কারণে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
শামসের উদ্দিনের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষকরা। উপজেলার একাধিক শিক্ষক জানান, শামসের উদ্দিন আমাদের আলফাডাঙ্গা উপজেলার গর্ব। সকল কাজে তার আগ্রহ, উদ্দীপনা ও দায়িত্ববোধ আমাদেরকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছেও তিনি ভীষণ জনপ্রিয়। একটি সঠিক ও যোগ্য শিক্ষক নির্বাচনের জন্য তারা জেলা যাচাই-বাছাই কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শামসের উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ্! উপজেলা পর্যায়ের পর এবার জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হতে পেরে আমি আনন্দিত। আমার বিদ্যালয়ের শিক্ষকরা সবসময় আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও যোগ করেন, আমি আসলে শ্রেষ্ঠ হতে চাইনা, আমি কর্মে বিশ্বাসী। যতদিন বেঁচে থাকবো, ততদিন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
সহকর্মীর এমন সাফল্যে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা বলেন, শামসের উদ্দিন আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ ও দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি যেমন জনপ্রিয়, তেমনি একজন আদর্শ শিক্ষক। সঠিক শিক্ষক নির্বাচনের জন্য যাচাই-বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই।
এদিকে আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার হোসেন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, আমাদের উপজেলা থেকে একজন যোগ্য শিক্ষক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি পুরো উপজেলার জন্য একটি বড় অর্জন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু