হোম » সারাদেশ » ধুনট সোনামুয়া হাঁসাখালী কুরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়

ধুনট সোনামুয়া হাঁসাখালী কুরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ব বগুড়ার অন্যতম ঐতিহ্যবাহী ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর সোনামুয়া হাঁসাখালী কুরবানির পশুর হাট শুক্রবার (২২ মে ২০২৬) ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সকাল ১০টা থেকেই হাটের আশপাশ ও সংযোগ সড়কে পশুবাহী ভটভটি, ট্রাক ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এবারের হাটে দেশি ও বিদেশি জাতের মাঝারি এবং বড় আকারের গরুর সরবরাহ ছিল চোখে পড়ার মতো।

‎দেশি গরুর পাশাপাশি হাটে আনা হয় বিশাল আকৃতির প্রায় শতাধিক আকর্ষণীয় গরু, যা দেখতে সাধারণ মানুষ ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিক্রেতারা জানান, প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা গরুর চাহিদা এবার তুলনামূলক বেশি। তবে গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

‎অন্যদিকে, গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে সঠিক দাম পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামারি ও বিক্রেতারা। তাদের দাবি, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্যমূল্য না পেলে লোকসানের মুখে পড়তে হবে। অনেক খামারি কয়েক মাস ধরে গরু লালন-পালন করলেও বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ার আশঙ্কা করছেন।

‎ঐতিহ্যবাহী এ পশুর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন, পুলিশ ও আনসার সদস্যদের টহল বৃদ্ধি এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

‎এদিকে, কান্তনগর টেকনিক্যাল কলেজ মাঠে বসানো হয়েছে ছাগলের হাট। সেখানেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। বিভিন্ন জাতের ছাগল ও ভেড়ার সমাহারে হাটটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

‎স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাটজুড়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে কুরবানির ঈদের এখনও কয়েকদিন সময় বাকি থাকায় বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের আশা, আগামী সোমবার (২৫ মে ২০২৬) এই হাটে কেনাবেচা আরও জমে উঠবে এবং হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়বে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!