
নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নাগরপুর সদর ইউনিয়নের বারীকগ্রাম এলাকার কৃতি সন্তান। আজ ২১ মে রোজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজার পূর্বে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস, বি আর ডিবি (চেয়ারম্যান) আহম্মেদ আলী রানা, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দ্বিতীয় দফা জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ গ্রাম বাড়ী গ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু