
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিশেষভাবে তৈরি প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ওসমান গনি।
ডিএনসি সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার জয়পুর মোড়ে সোহেল ট্রেডার্স নামের একটি দোকানের সামনে জয়পুরহাট-মোকামতলা সড়কে অভিযান চালানো হয়। এসময় বগুড়াগামী “ABDULLAH TRAVELS” পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে H-1 সিটে বসা টিকিটবিহীন যাত্রী আশরাফুল ইসলামের দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার প্যান্টের বিশেষভাবে তৈরি গোপন পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ITEL IT5617 মডেলের বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান