
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামের পশ্চিমপাড়া বটতলা মন্দির ও শতবর্ষী বটগাছ বর্তমানে নদীভাঙনের তীব্র হুমকির মুখে পড়েছে। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে হিন্দু ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী উপাসনালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
রবিবার (১৭ মে) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মধুমতি নদীর তীব্র ভাঙনে মন্দির সংলগ্ন এলাকার মাটি ধসে পড়ছে। নদীর খুব কাছাকাছি অবস্থান করছে বটতলা মন্দির ও শতবর্ষী বটগাছটি। ভাঙনের কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, গিরিশনগর গ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের মোল্লাহাট শহরে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি মন্দিরের পাশ দিয়েই গেছে। ইতোমধ্যে কয়েক দফা নদীভাঙনে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশিষ্ট অংশও চলতি বর্ষা মৌসুমে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা আরও বলেন, গিরিশনগর অঞ্চলে ব্যাপক কৃষিকাজ হয়। উৎপাদিত ধান, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য এই সড়ক দিয়েই মোল্লাহাটসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সড়কটি ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও চরম দুর্ভোগ সৃষ্টি হবে।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে নদীতীরে স্থায়ী ব্লক নির্মাণ ও ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ করা না হলে মন্দির, শতবর্ষী বটগাছ এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত