হোম » সারাদেশ » জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

রবিউল হাসান লায়ন,  জামালপুর

জামালপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের এ উদ্যোগে জেলার কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবার জেলায় কৃষকদের কাছ থেকে প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা দরে ৩ হাজার ৫৫০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১ হাজার ২৫৪ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ৪৮ টাকা দরে ৮৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

রোববার (১৭ মে) দুপুরে জামালপুর সদর উপজেলার সিংহজানী এলএসডি-১ খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় সিংহজানী খাদ্য গুদাম-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) ইসরাত আহাম্মেদ পাপেল, এলএসডি-১ গুদামের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিল মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা লাভবান হবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!