হোম » সারাদেশ » পীরগঞ্জে বড়দরগা হাইওয়ে থানার উদ্যেগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পীরগঞ্জে বড়দরগা হাইওয়ে থানার উদ্যেগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বড়দরগা হাইওয়ে থানার উদ্যেগে অনুষ্ঠিত এ সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিরসন এবং আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতাউর রহমান।
এ সময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কৌশিক ফয়সাল রুপম, বড়দরগা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সেরাজুল ইসলাম মন্ডল, শ্রমিক নেতা মফা মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মোটর ও ট্রাক শাখার সাধারণ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আতাউর রহমান বলেন, “আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করবে। তবে শুধু পুলিশের একার পক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। এ জন্য পরিবহন মালিক, শ্রমিক, চালক ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “অতিরিক্ত গতি, ওভারটেকিং ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ে। তাই চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
সভাপতির বক্তব্যে ওসি মিজানুর রহমান বলেন, “হাইওয়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে। মহাসড়কে চাঁদাবাজি, যানজট ও দুর্ঘটনা রোধে আমরা সর্বদা তৎপর রয়েছি। জনগণের সহযোগিতা পেলে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করা সম্ভব হবে।”
মতবিনিময় সভায় বক্তারা মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, যানবাহনের সঠিক লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা কমাতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!